‘এইচএসসির ফল আশানুরূপ না হওয়ায়’ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

রাজধানীর শাজাহানপুরের শান্তিবাগ এলাকা থেকে ইকরা তারাবি খান (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, এইচএসসির ফলাফল আশানুরূপ না হওয়ায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকরার মামা তছলিম উদ্দিন জানান, তার ভাগ্নি এবার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে, তবে তার ফল আশানুরূপ রেজাল্ট হয়নি। বিকালে সে বাথরুমে যায়, অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় দরজার ধাক্কা দিয়ে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘হয়তো আশানুরূপ ফল না হওয়ায় সে আত্মহত্যা করে থাকতে পারে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’