মহান বিজয় দিবসের উদযাপনে অংশ নিতে ঢাকায় এসেছে ভারতের প্রতিনিধি দল। একইসঙ্গে বিজয় উদযাপনে কলকাতা পৌঁছেছেন বাংলাদেশের প্রতিনিধিদল। সোমবার (১৫ ডিসেম্বর) এই তথ্য জানায় ঢাকায় ভারতের হাইকমিশন।
ভারতের প্রতিনিধিদলে আছেন— যুদ্ধে অংশ নেওয়া আটজন ভারতীয় প্রবীণ এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর দুজন কর্মকর্তা। তারা সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন। এছাড়া বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন— আটজন বীর মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর দুইজন কর্মকর্তা। তারা রবিবার (১৪ ডিসেম্বর) কলকাতায় গিয়ে পৌঁছান।
মুক্তিযুদ্ধের ৫৪তম বার্ষিকীতে এই সফর বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতীয় যুদ্ধে সাবেক সেনানীদের জন্য আমাদের দুই দেশের মধ্যে অনন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের একটি মঞ্চ হয়ে উঠবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি পুনরুজ্জীবিত করবে। এই সফর বাংলাদেশের দখলদারত্ব, নিপীড়ন ও গণ-নৃশংসতা থেকে মুক্তির জন্য বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর অভিন্ন আত্মত্যাগের প্রতিফলন।