শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টা ২০ এর দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে ১১টার দিকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মামলার চার্জশিট দেওয়ার ঘোষণা করেন।
উপদেষ্টা ও ডিএমপি কমিশনারের কথা প্রত্যাখান করে ইনকিলাব মঞ্চ ৩ কার্যদিবসের মধ্যে চার্জশিট এবং ২৬ কার্যদিবসের মধ্যে বিচারকার্য শেষ করার দাবি জানায়।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আজ আমরা কী করেছি? শুধু শাহবাগ অবরোধ করেছি, না? আগামীকাল সকাল ১১টা থেকে ৮ বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। ওসমান হাদির রক্তের সঙ্গে কোনও আপোষ চলবে না।
তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনও মৃত্যুকে পরোয়া করি না। পুলিশ কিংবা কোনও গোয়েন্দা সংস্থা আমাদের নিরাপত্তা দেবে না। আমাদের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আশাবাদ ব্যক্ত করেন, আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট প্রদান করা হবে। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং তদন্তের স্বার্থে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সালের বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং অন্যান্য সহযোগীরা অন্তর্ভুক্ত রয়েছে।
তদন্ত চলাকালীন পুলিশ দুটি পিস্তল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে এবং রহস্যজনক ২১৮ কোটি টাকার সই করা চেক উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
তিনি উল্লেখ করেন, তদন্তের সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়, কারণ এতে প্রতিপক্ষ বা অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে। বিস্তারিত তথ্যের জন্য আগামীকাল সকাল সোয়া এগারোটায় ডিবি প্রধানের পরবর্তী সংবাদ সম্মেলনের কথা জানান শেখ সাজ্জাত আলী।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে; ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে তাকে (হাদির হত্যাকারী) যদি ভারতে খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবে।
অপরাধীরা যদি দেশের বাইরে পালিয়ে থাকে, তবে তাদের অনুপস্থিতিতে বিচার করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
আন্দোলনকারীদের আশ্বস্ত করে রেজওয়ানা হাসান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা হবে। তিনি আসিয়া হত্যার উদাহরণ টেনে বলেন যে, ৬ কার্যদিবসের মধ্যে বিচার করা সম্ভব হয়েছিল, তাই হাদি হত্যার বিচারও দ্রুততম সময়ে সম্পন্ন করার চেষ্টা করা হবে।
জাবের মূলত তাদের কর্মসূচির ঘোষণা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসে আন্দোলনকারীদের উদ্দেশে হাদি হত্যার তদন্তের অগ্রগতি সম্বন্ধে বক্তব্য দেওয়ার পর। যদিও জাবের জানান, ইনকিলাব মঞ্চ এই সিদ্ধান্ত রাত ৮টার দিকেই নিয়েছিল।