ঢাকায় বাড়ছে শীত, দুর্ভোগে নগরবাসী 

ঢাকায় শীতের তীব্রতা বাড়তে শুরু করায় নগরজীবনে বেড়েছে ভোগান্তি। ভোর ও রাতের ঠান্ডা হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় বিপাকে পড়ছেন কর্মজীবী ও খেটে খাওয়া শ্রেণির মানুষ। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

সকালের দিকে এবং সন্ধ্যার পরে কুয়াশার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ছে। 

সোমবার (২৯ ডিসেম্বর) শীত যেন আরও বেড়েছে রাজধানীতে। ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সূর্যের দেখা নেই আজ দুইদিন। গত শনিবার দুপুরের দিকে হালকা রোদের তাপ পাওয়া গেলেও তেজ না থাকায় শীতের অনুভূতি আগের মতই ছিল। ফলে গত কয়েকদিন ধরেই রাজধানীবাসীকে ঠান্ডা থেকে বাঁচতে অতিরিক্ত পোশাক ব্যবহার করতে দেখা যাচ্ছে।

শীতের এই সময়ে সবচেয়ে বেশি কষ্টে আছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। ফুটপাত, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষদের জন্য শীত যেন আরও কঠিন হয়ে উঠেছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ফুটপাতের পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতেও দেখা যায়।  এদিকে শীতের পোশাকের কেনাকাটাও বেড়ে গেছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী কয়েকদিন ঢাকায় শীতের অনুভূতি প্রায় একই রকম থাকতে পারে। 

শীতের কবল থেকে বাঁচার চেষ্টা

শিশু কোলে মাযাত্রাপথে নৌকায়

রিকশায় নগরবাসী

নদী পারাপারে ব্যস্ত মানুষ

রাজধানীর সদরঘাট এলাকা