ঢাবিতে ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব শুরু

‘যূথবদ্ধ সংকল্পে গড়া নীরোগ পৃথিবীতে স্বাগত এবার/ আঁধার সমাপনে আলোর উৎসবে এসো বন্ধু আবার’—এই স্লোগানকে সামনে রেখে চার দিনব্যাপী ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব শুরু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে এ উৎসবের উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন।

ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাবের সভাপতি আলামিন বিজয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন, ডিবেটিং ক্লাবের মডারেটর শাহিন পারভেজ, ফজলুল হক মুসলিম হল সংসদের কোষাধ্যক্ষ ড. আল আমিন শিকদার, হলের আবাসিক শিক্ষক ড. শেখ জহির রায়হান, ডাকসুর বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. ইকবাল হায়দার এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব আনজুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমামুল হাসান।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এ ধরনের আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়; এটি বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, সহযোগিতা ও উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের বৈজ্ঞানিক অগ্রযাত্রার নেতৃত্ব দেবে আজকের প্রজন্ম। এজন্য তাদের মধ্যে সৃজনশীলতা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাব প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

পরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উৎসবের প্রথম স্কুল পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কলেজ পর্যায়ের এবং ৯ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে। আগামী ১০ জানুয়ারি শনিবার ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।