সুস্থ, শালীন, জ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জাতীয় পর্যায়ের বিতর্ক সংগঠন ‘বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (বিএনডিএস)’।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আড়ম্বরপূর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, পরিচালক পর্ষদ এবং প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিতার্কিক ও সংগঠক মো. শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহনূর কিবরিয়া সুজন।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে রয়েছেন— শরীফ হোসেন, রিফাক আহম্মেদ, গোলাম কিবরিয়া, কাইয়ূম হোসেন, মো. ইস্রাফিল, মো. শরীফুল ইসলাম, আব্দুল কাইয়ূম (শিপন), আব্দুল কাদির (তারেক) এবং শাহনূর কিবরিয়া (সুজন)।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘বিতর্ক শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলা কিংবা কোনও ট্রফি অর্জনের প্রতিযোগিতা নয়; বিতর্ক হলো চিন্তার শৃঙ্খলা, ভিন্নমতকে শ্রদ্ধা জানানোর শিক্ষা এবং সত্য অনুসন্ধানের এক নিরন্তর অনুশীলন। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল— দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্তির আলো ছড়িয়ে দিয়ে একটি যুক্তিবাদী নতুন প্রজন্ম গড়ে তোলাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।’
সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাইয়ুম শিপন। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আবু ইউসুফ আব্দুল্লাহ, আবদুল কাদের তারেক ও রিয়াজ হোসাইন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুসরাত জাহান নিশি, অর্থ সম্পাদক ফারহান শরীফ, ক্লাব বিষয়ক সম্পাদক জাফরিন তাসনীম, দফতর সম্পাদক সাবিকুন্নাহার হাফসা, অনুষ্ঠান সম্পাদক মাহিদয়াত মজুমদার জিবা, সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন খাঁন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফজাল রিয়াজ, জনসংযোগ ও মিডিয়া সম্পাদক মুনতাসীর মাহাদী এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রিমন।
সংগঠনের কাজ আরও গতিশীল করতে একটি পরিচালক পর্ষদও ঘোষণা করা হয়। এতে পরিচালকের দায়িত্ব পেয়েছেন— মো. কাইয়ূম হোসেন (অর্থ ও অডিট), মতিউর রহমান সবুজ (বিশ্ববিদ্যালয় বিতর্ক), আবু হানিফ জুয়েল (আন্তর্জাতিক বিতর্ক), হানিফ সিরাজী (মাদরাসা বিতর্ক), ডা. সিফাত সাহেল (মেডিক্যাল কলেজ বিতর্ক), আবু বকর সিদ্দিক আকাশ (স্কুল বিতর্ক), আনোয়ারুল আজিম (কর্মশালা), বেলাল হোসেন রাজু (মিডিয়া) এবং টি এম তানজিমুল হক (আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিষয়ক), তছলিম উদ্দিন (পরিচালক), মো. নাইমুল ইরফান (পরিচালক), মাহবুব আলম (পরিচালক), ফারুক আজীজ শাকিল (পরিচালক) আসমা আক্তার (পরিচালক) লিউজা আক্তার (পরিচালক) মনোনীত হয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনডিএস-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে জানানো হয়, দেশব্যাপী বিতর্কচর্চার সম্প্রসারণ, বিতার্কিক ও বিচারকদের নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতা পরিচালনা এবং বিতর্ক বিষয়ে গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি। এছাড়া দেশের সব বিতর্ক সংগঠনের যৌথ সহযোগিতায় একটি ইতিবাচক ও সুস্থ বিতর্ক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্যক্তির চেয়ে সংগঠন এবং পদের চেয়ে দায়িত্বই হবে আমাদের প্রধান পরিচয়। বিতর্কের মঞ্চে কণ্ঠস্বর জোরালো হলেও যেন ভাষা মার্জিত থাকে এবং যুক্তির তীব্রতার মধ্যেও যেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে— এমন একটি পরিবেশ আমরা দেশের বিতর্কাঙ্গনে প্রতিষ্ঠা করতে চাই।
অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বিতার্কিক, বিচারক, প্রশিক্ষক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।