জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে রিয়াজ মোর্শেদ অপুর হত্যা মামলায় গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা আশরাফুল আলম শিমুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামি আশরাফুল আলম শিমুলের আইনজীবী এস.এম শরীফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকালে শাহবাগ থানা এলাকা থেকে আশরাফুল আলম শিমুলকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এসআই হুমায়ুন কবীর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এজাহারের বরাতে জানা যায়, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান অপু। এ ঘটনায় তার খালা রুমা বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
গত ২২ অক্টোবর মামলা থেকে ১৬ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।