কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফেরানোর নির্দেশ হাইকোর্টের

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।

আইনজীবীরা জানান, পূর্বে কুমিল্লা-২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা ছিল। এখন তাতে যুক্ত হয়েছে হোমনা। আর মেঘনাকে সরিয়ে নেওয়া হয়েছে কুমিল্লা-১ আসনে। আজকের রায়ের ফলে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরে গেল।

এর আগে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম।

২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন।