প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের চেষ্টা: আটক ২

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী। তারা হলো, মাহবুব হোসেন ও বিল্লাল হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার সঙ্গে মাহবুব হোসেন নামে এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে প্রথমে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের মূল হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে র‍্যাব গ্রেফতার করেছে। পরে রাতেই মাহবুব হোসেনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ রয়েছে, বিল্লাল-মাহবুব চক্র প্রশ্নপত্র ফাঁসের আশ্বাস দিয়ে বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে অর্থ আদায় করছিলেন। এমন গোপন তথ‌্য পে‌য়ে যৌথ বাহিনীর সদস্যরা প্রশ্নপত্রের ক্রেতা সেজে মাহবুবের সঙ্গে যোগাযোগ করেন। পরে নির্দিষ্ট স্থানে তাকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ম‌রিুল ইসলাম বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, প্রশ্নফাঁস চেষ্টার অ‌ভি‌যো‌গে একজন‌কে আটক ক‌রে সেনাবা‌হিনীর সদস‌্যরা থানায় দি‌য়ে গে‌ছেন। আরেকজন আটক আছে শু‌নে‌ছি। তা‌কে এখনও থানায় দেওয়া হয়‌নি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।