ক্যানসারে আক্রান্ত শিশুর পাসপোর্ট আটকে রেখে বিদেশে চিকিৎসা করাতে বাধা সৃষ্টির ঘটনায় শিশুর বাবা নাট্য প্রযোজক সারওয়ার জাহানকে তলব করেছেন হাইকোর্ট। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় তাকে সশরীরে হাইকোর্টে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এ বিষয়ে রুলও জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুর মায়ের দায়ের করা রিটের শুনানি নিয়ে গত ১১ জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটের শুনানি নিয়ে পাসপোর্ট আটকে রেখে বিদেশে চিকিৎসায় যেতে ক্যানসারে আক্রান্ত শিশুকে বাধা দেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
রিটকারী আইনজীবী জানান, আগে থেকেই শিশুর বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। তারা একে-অপরের বিরুদ্ধে মামলাও করেছেন। এর মধ্যে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে গুরুতর ক্যানসারে আক্রান্ত শিশুকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্যে করা পাসপোর্ট বাবা নিজের কাছে আটকে রেখেছেন। তাই প্রতিকার চেয়ে শিশুটির মা হাইকোর্টে রিট দায়ের করেন।
শিশুটি গুরুতরভাবে ক্যানসারে আক্রান্ত। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুটিকে দ্রুত বিদেশে নিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া জরুরি হয়ে উঠেছে বলেও আইনজীবী জানান।