সাবেক ‘হিট অফিসার’ বুশরাকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও এশিয়ার প্রথম ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, কারান্তরীণ সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডার জালিয়াতি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। বিশেষ করে মশার লার্ভা নিধনের যন্ত্র কেনাকাটায় বড় ধরনের দুর্নীতি ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে। এই অনুসন্ধানের অংশ হিসেবেই তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। 

আতিকুল ইসলামের পাশাপাশি তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিরুদ্ধেও দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অভিযোগ উঠেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জানুয়ারি আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রদান করেন। অভিযোগ রয়েছে, এই পরিবারটি বাংলাদেশ ছাড়াও কানাডা ও যুক্তরাষ্ট্রে স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ অক্টোবর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার হন সাবেক মেয়র আতিকুল ইসলাম। এরপর থেকে তিনি একাধিক মামলায় কারান্তরীণ আছেন। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।