সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক শোকসভা। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিয়মাবলি ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শোকসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে অবস্থান নেওয়া শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সরেজমিন দেখা গেছে, শোকসভা ঘিরে সংসদ ভবনের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে নজরদারি করছেন। ভেতরে অনুষ্ঠান হলেও বাইরেও এলইডি বোর্ড বসানো হয়েছে যাতে সরাসরি ভেতরে প্রবেশ করতে না পারা লোকজনও দেখতে পারেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ- কমিশনার ইবনে মিজান বাংলা ট্রিবিউনকে বলেন, নিরাপত্তার কোনও ঘাটতি নেই। পর্যাপ্ত সংখ্যক পুলিশ রয়েছে।
তিনি বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে শোকসভা অনুষ্ঠিত হবে। আসাদ গেট বা পশ্চিম ও পূর্ব গেট দিয়ে শোকসভায় আগতরা ভেতরে প্রবেশ করতে পারবেন। গেটে আর্চওয়ে বসানো হয়েছে। যারাই ভেতরে প্রবেশ করবেন নিরাপত্তা তল্লাশি পার হয়েই ভেতরে ঢুকতে হবে।
তিনি আরও বলেন, আমাদের ডিএমপির পুলিশের পাশাপাশি এপিবিএন, র্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে।