উত্তরায় মারধরের শিকার আহত সাবেক সেনা সদস্য মাহবুব আলম (৫৭) মারা গেছেন। ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল এ তথ্য জানান।
মাহবুব আলমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। বর্তমানে উত্তরা পূর্ব থানা এলাকায় থাকতেন এবং উত্তরা পূর্ব থানা এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।
এসআই মো. কামরুল বলেন, শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা এলাকার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নিরাপত্তাকর্মীর চাকরির জন্য গিয়েছিলেন মাহবুব আলম। সে সময় সেখানে একটি প্যারাডো ও নিশান প্রাইভেট কার আসে। প্যারাডো গাড়ি থেকে একজন নেমে হঠাৎ মাহবুব আলমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যে আরও পাঁচ-ছয় জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।