মানবতাবিরোধী অপরাধ

শামীম ওসমান-তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। পরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ‍্য জানান।

তামিম বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমানকেও আসামি করা হয়েছে এ মামলায়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা হয়। তাদের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।