মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ফায়ারিং পরীক্ষার সময় ট্রেইনি কনস্টেবল গুলিবিদ্ধ 

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) প্রশিক্ষণ চলাকালীন ফায়ারিং বাটে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন মো. মাসুম (১৯) নামে এক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)। সোমবার (১৯ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ সদর দফতর ও পিটিসি সূত্র জানায়, সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ফায়ারিং পরীক্ষা চলছিল। এসময় হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিআরসি মাসুমের পিঠের বাম পাশের কাঁধে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর জখম হলে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করেন। 

গুলিবিদ্ধ হওয়ার পর মাসুমকে প্রথমে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য র‍্যাবের হেলিকপ্টারে করে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। 

আহত মো. মাসুমের টিআরসি নম্বর-২৬৫২০৪। তিনি মহেড়া পিটিসিতে নতুন রিক্রুট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। পুলিশ সদর দফতরের এসআই তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য দ্রুততম সময়ে তাকে ঢাকা পাঠানো হয়েছে।