প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই আসামিকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বজলুর রহমান ২০২১ সালের ৪ জুন একটি মোটরসাইকেল কেনার জন্য ৬১ হাজার ১৪০ টাকা দেন। নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেল বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন ই-কমার্স প্রতিষ্ঠানটি। পরবর্তীতে পণ্যটি ডেলিভারীর জন্য বিভিন্ন আশ্বাস দিতে থাকে। বাদীকে মামলা না করার জন্য অনুরোধ করে সময় ক্ষেপণ করতে থাকে। পরে বাদী সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন ইভ্যালি ডট কম লিমিটেড তাদের প্রতিষ্ঠান বন্ধ করেছে।
এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ভুক্তভোগী বজলুর রহমান বাদী হয়ে মামলা করেন। ২০২৫ সালের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে বাদী নিজে সাক্ষ্য দেন।