দুর্নীতির অভিযোগে বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি সফিউল্লাহ আল মুনিরের (৪৮) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ভূঁইয়া মুনিরের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি সফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ১০ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৬৪৯
টাকার সম্পদের মালিকানা ভোগদখলের অভিযোগ রয়েছে। এর জেরে দুদক মামলাটি করে। আসামির বিরুদ্ধে উঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথিরসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।