উত্তরায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের খুঁটিতে বাসের ধাক্কা, চালক নিহত

রাজধানীর উত্তরায় যাত্রাবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের খুঁটিতে ধাক্কা দিয়েছে। এতে বাসটির চালক বেলাল দেওয়ান (৬৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলপার ওবায়দুর আকন্দ (৫০)।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর আহত অবস্থায় দুজনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে চালক বেলাল দেওয়ানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত হেলপার ওবায়দুর জানান, মহাখালী থেকে গাইবান্ধাগামী ওরিন এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি কয়েকজন যাত্রী নিয়ে মহাখালী থেকে রওনা হয়। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উত্তরা র‌্যাব অফিসের পাশে সড়কে ব্রিজ থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের আইল্যান্ডের ওপর উঠে যায় এবং ফুটওভার ব্রিজের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসের যাত্রীরা রক্ষা পেলেও চালক তার আসনে বসা অবস্থায় চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহত চালক বেলাল দেওয়ান নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া গ্রামের মো. গজনবী দেওয়ানের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।