মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬ 

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং নগদ টাকাসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে ১০ হাজার পিসের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন এবং ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সদস্যরা আদাবর থানার সুনিবিড় হাউজিং এবং মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকায় এই ঝটিকা অভিযান চালায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫) নামের ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ৩৯টি সিমকার্ড ও দুটি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিয়মিত মাদক কারবার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে জেনেভা ক্যাম্পে দ্বিতীয় দফা অভিযান চালায় সেনাবাহিনী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদ দিয়ে পালিয়ে যায়। তবে সেখান থেকে ১০ হাজার পিস ইয়াবা, ৭৮০ পুরিয়া ও ৬০০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ১টি ওজন মাপার মেশিন, মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা এবং ৫টি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়। 

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।