রাজধানীর হাজারীবাগ ও ওয়ারী এলাকা থেকে পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন, দীন ইসলাম ইমন (২১) ও মানিক (২৬)। পুলিশের দাবি, তারা আত্মহত্যায় করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ইমন জানান, শনিবার রাতে ৯৯৯ এর মাধ্যমে তিনি খবর পান, জিগাতলার নতুন রাস্তার পাশে একটি বাসায় ফ্যানের সঙ্গে গলায় চাদর পেঁচানো ঝুলন্ত অবস্থায় এক তরুণ রয়েছেন। পরে সেখানকার লোকজন দরজা ভেঙে অচেতন অবস্থায় দীন ইসলাম ইমনকে উদ্ধার করেন। রাত ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা জানান, ইমন বরগুনা সদর উপজেলার মো. হাকিমের ছেলে। তিনি হতাশাজনিত কারণে আত্মহত্যা করতে পারেন। এছাড়াও মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, শনিবার বিকালে ওয়ারী বিসিসি রোডের একটি বাসা থেকে মানিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন তিনি। চাঁদপুর সদর বাকশিলা সরকার বাড়ির মৃত ইউনুস সরকারের ছেলে মানিক। তিনি একটি চায়ের দোকান কর্মচারী ছিলেন।
পুলিশ কর্মকর্তা জানান, পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।