দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতি রেখে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর সিভিল এভিয়েশন একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বেবিচকের বিভিন্ন স্তরের কয়েকশ কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন নূরে-আলম সিদ্দিকী, গাজী মো. আলামিন, আহমদ উল্ল্যাহ শিকদার ও আশরাফুল হাসানসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, “দেশের বর্তমান জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় তারা পরিবার নিয়ে আর্থিক ও মানসিক চাপের মধ্যে জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় দীর্ঘ প্রতীক্ষিত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক ও মানসিক চাপের মধ্যে রয়েছেন।”
সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সেবা খাত হিসেবে বিমান চলাচল ব্যবস্থাকে সচল রাখতে দক্ষ ও অনুপ্রাণিত জনবল অপরিহার্য। ন্যায্য বেতন কাঠামো ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে কর্মীদের স্বাভাবিক কর্মোদ্দীপনা ও কাজের দক্ষতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে জাতীয় স্বার্থে ক্ষতির কারণ হতে পারে।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।