‘দেশের মালিকানা বুঝে নিতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন’

দেশের মালিকানা বুঝে নিতে জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল। তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ মালিকানা বুঝে নেওয়া সম্ভব।

রবিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে জেলা তথ্য অফিস চট্টগ্রামের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণ বিষয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণযোগাযোগ অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ জানানো হয়েছে।

মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার সময় এসেছে। এ নির্বাচন আগামীদিনে দেশ কীভাবে চলবে, সেই রূপরেখা নির্ধারণ করবে। নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার পাশাপাশি গণভোট বিষয়ে মতামত জানাতে হবে। ভোটের দিন প্রত্যেক ভোটারকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালটের সঙ্গে গণভোটে মতামত দিতে গোলাপী রঙের একটি ব্যালট দেওয়া হবে। এ দুটি ব্যালটের মাধ্যমে জনগণ নিজেদের মতামত দেবে। এর ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে তিনি মন্তব্য করেন।

জনাব আবদুল জলিল বলেন, এবারের নির্বাচন শতভাগ উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। কেউ কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা গণ্ডগোল করার সুযোগ পাবে না। দুস্কৃতিকারীদেরও কোনও সুযোগ দেওয়া হবে না। এ জন্য প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর অংশ হিসেবে গণযোগাযোগ অধিদফতরসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে সর্বোচ্চ প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন এবং ভোট দিতে বিভিন্ন দিক নিয়ে মহাপরিচালকের সঙ্গে কথোপকথন করেন।

অধিদফতরের পরিচালক মীর মো. আসলাম উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদফতরের পরিচালক সৈয়দ এ মোমেন, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বক্তব্য দেন।

জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রাব্বী মনির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শিশু বিষয়ক কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।