পরিবারসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু এবং তার স্ত্রী মনোয়ারা বেগম, দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আব্দুল্লাহ আবুর বিরুদ্ধে সিএমএম আদালত ও জজ কোর্টের বিচারকদের যোগসাজশে স্বর্ণ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন, খালাস, সাজা কমানো ও সাজা মওকুফ করিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন—মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।