শিল্প-সংযোগ জোরদারে ১৩ আইএসসিকে সরঞ্জাম সহায়তা

শিল্পখাতের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সংযোগ জোরদার এবং শ্রমবাজারমুখী করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশের ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে (আইএসসি) প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম সহায়তা দিয়েছে।

অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনোমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের সহায়তায় সরবরাহকৃত এসব সরঞ্জাম সোমবার (২ ফেব্রুয়ারি) এনএসডিএর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আইএসসির প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।

প্রধান অতিথি বলেন, শিল্প দক্ষতা পরিষদসমূহকে শিল্পখাতের সঙ্গে সরাসরি সংযুক্ত করে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে শ্রমবাজারমুখী করতে হবে। তিনি উল্লেখ করেন, আইএসসিগুলোর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এনএসডিএ শিল্প-সংযোগভিত্তিক একটি সমন্বিত ও টেকসই জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে। অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম প্রদানের মাধ্যমে আইএসসিগুলোর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

প্রদত্ত সরঞ্জামের মধ্যে রয়েছে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপিয়ার, ওয়াইফাই রাউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা, আইপিএস, ইউপিএস, কনফারেন্স সাউন্ড সিস্টেম, ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলসহ অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অফিস সরঞ্জামাদি।

অনুষ্ঠানে ১৩টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিগণ ছাড়াও এনএসডিএর সদস্য, পরিচালকবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্প দক্ষতা পরিষদসমূহ শিল্পখাতের দক্ষতা চাহিদা নির্ধারণ, দক্ষতা মান ও প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং দক্ষ জনশক্তিকে শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনএসডিএর এই উদ্যোগ দেশজুড়ে শিল্প-সংযোগভিত্তিক দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে।