রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে (৩ ফেব্রুয়ারি) বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই তারিখ ধার্য করেন। শুনানিকালে একমাত্র আসামি আকবর হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। আশা করি, এই রায়ে সমাজে একটি দৃষ্টান্ত তৈরি করবে। আসামির সর্বোচ্চ সাজা দাবি করেন এই আইনজীবী।
গত ২ ডিসেম্বর এই মামলায় অনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। এ নিয়ে আদালত মামলাটিতে চার জনের সাক্ষ্য নিয়েছেন।
গত বছরের ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানা-পুলিশ আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন জমা দেন। এরপর গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
আরও জানা যায়, এই মামলার সাক্ষীর বিষয়টি দেখে তৎক্ষনাৎ কি করবে বুঝতে না পেরে বাদীকে এই ঘটনার বিষয়ে অবগত করেন। বাদী আসামির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য মানুষিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। এই বিষয়ে সাক্ষীরা সিসি টিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয়, আসামি ইচ্ছাকৃতভাবে বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। মামলার এজাহারে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করেছিলেন এই বাদী।