ক্ষমা ও কল্যাণ কামনায় সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। রাত নামার সঙ্গে সঙ্গে মসজিদে মসজিদে বাড়তে থাকে মুসল্লিদের উপস্থিতি। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা কাটাচ্ছেন বরকতময় এই রাত।
লাইলাতুল বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন এবং এশার নামাজের জামাতে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় ভরে যায়। বয়ান শেষে মোনাজাতে শত শত মুসল্লি অংশ নেন।
বায়তুল মোকাররমের পাশাপাশি রাজধানীর পাড়া-মহল্লার মসজিদগুলোতে বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও দেখা যায়। অনেকে মসজিদে ইবাদতের পাশাপাশি নিজ নিজ বাসায় নফল নামাজ, জিকির ও কোরআন তিলাওয়াতে মগ্ন রয়েছেন।
এ রাতে মৃত স্বজনদের রুহের মাগফেরাত কামনায় রাজধানীর কবরস্থানগুলোতেও মানুষের উপস্থিতি দেখা গেছে। এ রাতে মৃত প্রিয়জনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা জানাচ্ছেন আত্মীয়রা।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সারারাত মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে এবং ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবে বরাতের আনুষ্ঠানিকতা শেষ হবে।