ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে কেউ গুলিতে আহত হননি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, “আমাদের এখানে অর্ধশতাধিক রোগী এসেছে। তবে এর মধ্যে কোনও গুলির রোগী পাওয়া যায়নি। যারা আহত হয়ে এসেছেন, তাদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতজনিত জখম রয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগ রোগীর জখম ফেটে যাওয়া ও থেঁতলে যাওয়ার ধরনের। এখন পর্যন্ত ভর্তি দেওয়ার মতো রোগী পাওয়া যায়নি।”
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার বিকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়। এতে পুলিশসহ বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের কর্মী আহত হন।