জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভোট দেওয়ার তথ্যটি মিথ্যা বলে জানিয়েছেন তাদের অন্যতম আইনজীবী পলাশ চন্দ্র রায়।
বিষয়টি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনেন তাদের আইনজীবীরা।
পরে আইনজীবী পলাশ সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমার মক্কেলরা জেলখানা থেকে ভোট দিয়েছেন—এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। এ খবরটি বিভিন্নভাবে জানতে পেরেছেন তারা। অথচ তাদের ভোট দেওয়ার কথাটি পুরোপুরি মিথ্যা।
তিনি আরও বলেন, কারাগার থেকে ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। প্রথমত আগে থেকে নিবন্ধন করতে হয়। কিন্তু আমার মক্কেলরা নিবন্ধনই করেননি। তাই ভোট দেওয়ার কোনও প্রশ্নই আসে না।
আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান এফ রহমানকে ইঙ্গিত করে বলা হয়েছে, একটি বিশেষ মার্কায় তিনি ভোট দিয়েছেন। যেহেতু তিনি নিবন্ধিত হননি, সেহেতু ভোটও দেননি। সুতরাং, খবরটি মিথ্যা বলে আমাদের নিশ্চিত করেছেন মক্কেলরা।
পলাশ চন্দ্র বলেন, এদিন এ মামলায় প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষী হাজির করার কথা ছিল। কিন্তু কোনও সাক্ষী আনতে পারেনি প্রসিকিউশন। তারা সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।