জুলাই হত্যা মামলা: আরটিভির সাবেক সিইওর বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 

জুলাই আন্দোলনের সময় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরটিভির সাবেক সিইও সৈয়দ আশিক রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই আবুল হাসান তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন।

তদন্ত কর্মকর্তা এসআই আবুল হাসান জানান, গত ১৯ ফেব্রুয়ারি তিনি আদালতে এই প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাদীর আনা অভিযোগ প্রমাণের স্বপক্ষে প্রাথমিকভাবে সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং ঘটনার সঙ্গে সৈয়দ আশিক রহমানের সম্পৃক্ততার কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাই ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারা মোতাবেক তাকে মামলার দায় থেকে সাময়িক অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, এই একই মামলায় আরও কয়েকজনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুর ১২টার দিকে পল্টনের কাকরাইল মোড় সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় সাইফুল ইসলামের চাচাতো ভাই পরিচয় দিয়ে রফিকুল ইসলাম বেপারী গত বছরের ১৬ মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

ওই মামলার এজাহারে সৈয়দ আশিক রহমানকে ১৩১ নম্বর আসামি করা হয়েছিল। মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, এম এ আরাফাত, শাহরিয়ার আলম, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস, আতিকুল ইসলাম, শেখ সেলিম, হাজী সেলিম, বাহাউদ্দিন নাসিম, নজরুল ইসলাম বাবু, নূর নবী চৌধুরী শাওন, আফজাল হোসেন, মোহাম্মদ সোলায়মান সেলিমসহ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি।

এ বিষয়ে বাদী রফিকুল ইসলাম বেপারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তার মতে, তিনি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করেছেন। এখন আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।