দাম্পত্য সম্পর্কে বাড়ছে সহিংসতা

দেশে নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ করার প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এরমধ্যে সবচেয়ে বেশি ফোন কল করেছেন স্বামীর দ্বারা নির্যাতনের শিকার স্ত্রী। 

৯৯৯-এর পরিসংখ্যান অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৫ সালে স্বামীর মাধ্যমে নির্যাতনের শিকার হয়ে ১৮ হাজার ৬২৬ জন নারী কল করেছেন ৯৯৯-এ। এর আগের বছর এই কলের সংখ্যা ছিল ১১ হাজার ৪১৮টি। ২০২৩ সালে ছিল ৯ হাজার ৯১৩টি। এই পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছরই অস্বাভাবিক হারে বেড়েছে স্ত্রীর প্রতি স্বামীর নির্যাতনের মাত্রা। 

এছাড়া যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৩ বছরে ১ হাজার ২৯৬ জন। এর মধ্যে গত বছর নির্যাতনের শিকার হয়েছেন ৩৯৬ জন। আগের বছর অর্থাৎ ২০২৪ সালে নির্যাতিত হয়েছেন ৪৭৩ জন এবং ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪১৬।    

৯৯৯-এর তথ্যমতে, ২০২৩ সালে ৯৯৯-এর মাধ্যমে ২৬ হাজার ৭৯৮ জন নারীকে জরুরি সেবা দেওয়া হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যা কিছুটা কমে ২৩ হাজার ৩৩ জন হলেও ২০২৫ সালে তা এক লাফে বেড়ে দাঁড়ায় ৩২ হাজার ৩৮৬ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ৯ হাজারেরও বেশি নারী অতিরিক্ত অভিযোগ করেছেন।  

৯৯৯-এর প্রধান ডিআইজি মহিউল ইসলাম জানান, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপনের প্রাক্কালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির কলগুলোর ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা ২০২০’-এ জরুরি সেবার কার্যপরিধিভুক্ত বিষয় হিসেবে ‘নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনও ধরণের সহিংসতা, হয়রানি, সম্মানহানি ও ইভটিজিং’ অন্তর্ভূক্ত রয়েছে। 

তিনি জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার কলগুলো ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিয়ে থাকে। এ ধরণের ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভুক্তভোগীকে দ্রুততার সাথে জরুরি সেবা দিয়ে থাকে।  

৯৯৯-এর ওপর জনগণের আস্থা ও ভরসার কারণে ৯৯৯-এ এ ধরণের সেবা সংক্রান্ত কলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। জনপ্রিয়তা ও ৯৯৯-এর ওপর আস্থার কারণে পারিবারিক নির্যাতন বা যৌন-হয়রানির শিকার ভুক্তভোগীরা বর্তমানে আগের চেয়ে বেশি অভিযোগ করছেন বলে প্রতীয়মান হয়।  

এ সংক্রান্তে ২০২৩ সালে ২৬ হাজার ৭৯৮ জন কলারকে, ২০২৪ সালে ২৩ হাজার ৩৩ জন এবং ২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে ৯৯৯ তাৎক্ষণিকভাবে জরুরি সেবা দিয়েছে।  

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯৯৯ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দ্রুততম সময়ে সেবা দিতে তারা অঙ্গীকারাবদ্ধ এবং এসব কল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।