এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী

বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন ১০ নারী। 
শনিবার (১৩ মার্চ) রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তৃতীয় আসর।

অনুষ্ঠানে পাইলট ক্যাটাগরিতে এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি সম্মাননা অর্জন করেছেন। কেবিন ক্রু ক্যাটাগরিতে নভো এয়ারের হেড অব কেবিন সার্ভিস ফারজানা ইয়াসমিন, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এন্ড মার্কেটিং) ফারহানা ইয়াসমিন, কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট) মৌসুমি আক্তার, এভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার (কেবিন সার্ভিস ডিপার্টমেন্ট) মুক্তা ওয়াহিদ এবং পাবলিক রিলেশন্স ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ট্যুর গাইড ক্যাটাগরিতে রিভারাইন ট্যুরসের গাইড সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি ট্যুরিজম ক্যাটাগরিতে ওয়েস্টিন ঢাকার শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি অন্ট্রোপ্রনোয়র ক্যাটাগরিতে রয়াল আরসালান্সের স্বত্বাধিকারী ফারহানা রহমান সম্মানিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “নারীদের স্বীকৃতি দেওয়ার এটিজেএফবি’র উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এ খাতগুলোকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে। বিএনপির ইশতেহারেও বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং পর্যটন সম্ভাবনাকে বিশ্বে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ অগ্রযাত্রায় নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”