আগারগাঁওয়ে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর আগারগাঁওয়ে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজন করবে।

রবিবার (১৫ মার্চ) ডিএনসিসির এক সভায় জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সভায় জানানো হয়, নগরবাসীর জন্য সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রবেশের জন্য তিনটি গেট থাকবে এবং নারীদের জন্য আলাদা পথ রাখা হবে। মুসল্লিদের সুবিধার্থে ওজুর ব্যবস্থা করা হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে। এছাড়া ট্রাফিক, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থা যেমন ট্রাফিক বিভাগ, ডিপিডিসি ও ওয়াসা সমন্বয়ে দায়িত্ব পালন করবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, “যার ওপর দায়িত্ব অর্পিত, তিনি তা যথাযথভাবে পালন করবেন। সকল ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।”