আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে কোনও অপরাধমূলক কর্মকাণ্ড হলে তা অনুসন্ধান করে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ মার্চ) ইসির আইন শাখার উপ সচিব মোহাম্মদ দিদার হোসাইন সই করা এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।
সম্প্রতি, দুই জেলার দুই যুগ্ম ও দায়রা জেলা জজকে নিয়ে অনুসন্ধান এবং বিচারিক কমিটি গঠন করে ইসি। ওই কমিটি কেবল প্রতিবেদন দেওয়াই নয়, সংক্ষিপ্ত বিচারকাজও সম্পন্ন করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক দায়িত্ব পালনকালে নির্বাচন পূর্ব অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধান পূর্বক তিন দিনের মধ্যে প্রতিবেদন ইসিকে জানানোর লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের কাছে পাঠাবেন। সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার উক্ত অনুসন্ধান প্রতিবেদন সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবর পাঠাবেন। অতিসত্ত্বর ওই প্রতিবেদন পিডিএফ ফরমেটে সচিবালয়ের আইন অনুবিভাগের উপসচিবের (আইন বিষয়ক-১ শাখা) ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাবেন।
এছাড়া, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ লঙ্ঘনজনিত কোনো অপরাধ ঘটলে কমিটি ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা করতে পারবেন। বিশেষ করে অনুচ্ছেদ ৭৩, ৭৫ ও ৭৭-এর আওতাধীন অপরাধসমূহ এই কমিটির বিচারিক এক্তিয়ারভুক্ত থাকবে।
উল্লেখ্য, এ দুই আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ ইতোমধ্যে শেষ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার যা শেষ আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টায়। আগামী ৯ এপ্রিল এ দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।