সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মাচ) সকাল ৮টায় ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক বলেন, ‘‘ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন।’’

এ বছর নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এমাদুল হক বলেন, ‘‘পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী সব মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনও ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।’’