ঈদের আগে ফাঁকা ঢাকা, সড়ক থেকে পাড়া-মহল্লায় নীরবতা

পবিত্র ঈদুল ফিতর শনিবার। অর্থাৎ রাত পোহালেই ঈদ। এরই মধ্যে লাখ লাখ রাজধানীবাসী পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন। অনেকেই আজও যাচ্ছেন। ফলে রাজধানী প্রায় ফাঁকা হয়ে পড়েছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে মূল সড়ক—সবখানেই জনসমাগম কমে গেছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে সরেজমিনে দেখা গেছে, রাজধানীর অভ্যন্তরীণ সড়কগুলো একেবারেই ফাঁকা। গণপরিবহনের চলাচলও কমে গেছে। সিএনজি অটোরিকশা ও রিকশার সংখ্যাও তুলনামূলকভাবে কম দেখা গেছে।

রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ, ধানমণ্ডি, মিরপুর, সায়েদাবাদ ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় গণপরিবহন কম চলাচল করতে দেখা যায়। তবে সিএনজি অটোরিকশা ও রিকশা কিছু চলাচল করলেও তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।

অন্যদিকে আবাসিক এলাকাগুলোতেও লোকজনের উপস্থিতি কমে গেছে। খিলগাঁও, বনশ্রী, বাড্ডা, বসুন্ধরা, ধানমণ্ডি, মিরপুর ও উত্তরা এলাকায় একই চিত্র দেখা গেছে।

বিশেষ করে দীর্ঘ ছুটি পাওয়ায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন।

রাজধানীর বনশ্রীর বাসিন্দা সেলিম মিয়া বলেন, এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় অন্যান্য বছরের তুলনায় বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। এ কারণে রাজধানী অনেকটাই ফাঁকা লাগছে।

রামপুরার বাসিন্দা আরিফুর রহমান বলেন, অন্যান্য ঈদের সময় কিছু মানুষ থাকলেও এবার একেবারেই কম। দীর্ঘ ছুটির কারণে সবাই গ্রামে চলে গেছেন।

এদিকে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের টহল লক্ষ্য করা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।