রাজধানীতে কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টি

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রভাব দেখা দিতে শুরু করেছে। রাজধানী ঢাকায় শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে আকাশ মেঘলা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়। সকাল ১০টার দিকে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ধূলিঝড়। পরে দমকা হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি শুরু হয়ে সময়ের সঙ্গে তা তীব্র আকার ধারণ করে।

কিছু এলাকায় সকাল ১১টার দিকে ধূলিঝড়ের খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা গেছে। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ ঢাকার বাইরে অবস্থান করছেন, আর রাজধানীতে থাকা অনেকেই ঝড়ের সময় ঘরে অবস্থান করেন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।