প্রত্যক্ষদর্শীর বয়ানে দৌলতদিয়া ঘাটের বাস দুর্ঘটনা

কুমারখালী-রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এর ফলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুন থেকে বাসটি ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছেছে। 

ফেরিতে ওঠার আগে সপরিবারে ঘাটে অপেক্ষা করছিলেন প্রত‍্যক্ষদর্শী হিরু বাপ্পি। তিনি একজন ফটোসাংবাদিক। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ফেরির পন্টুনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। হঠাৎ চিৎকার শুনে তাকাতেই দেখি বাস পন্টুন ছেড়ে দ্রুতগতিতে পানিতে পড়ে গেলো।

তিনি জানান, বাস পুরো যাত্রীতে পরিপূর্ণ ছিল। ঈদের ফিরতি যাত্রায় কোনও টিকিট পাওয়া যাচ্ছিলো না।

প্রত্যক্ষদর্শী, নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।