জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ২১:৩৯ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২১:৩৯

জাপানের ইয়োকোহামার গ্যালারি শিমিজুতে শুরু হয়েছে বাংলাদেশের চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘ডট: দ্য বিগিনিং অব এভরিথিং’। ‘বিন্দু থেকে সৃষ্টি’ শিরোনামের এ প্রদর্শনীতে স্থান পেয়েছে তার ৪১টি চিত্রকর্ম। নারীমুখ, শাপলা, শাড়ির অলংকরণ, লোকজ জীবন ও বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় উঠে এসেছে এসব কাজে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপানের মাৎসুদো সিটি কাউন্সিলর মির কাজুএ। এ সময় উপস্থিত ছিলেন জাপানি চিত্রশিল্পী ও ইয়োকোহামা পোর্ট ইন্ডিপেনডেন্ট প্রদর্শনীর উপদেষ্টা আসানো ইয়াসুনোরি, পেপার কাটিং শিল্পী মিতা চিকাকো এবং গ্যালারি শিমিজুর প্রতিনিধি শিমিজু কাজুএ। প্রদর্শনী চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

প্রদর্শনীর শিরোনামের সঙ্গে নিজের শিল্পভাবনার যোগসূত্র ব্যাখ্যা করেছেন কামরুল হাসান লিপু। একটি বিন্দু থেকে রেখা, রেখা থেকে আকার এবং আকারের মধ্য দিয়ে দৃশ্যমান জগতের বিস্তার; এই ধারণার সঙ্গে তার শিল্পযাত্রার বিভিন্ন পর্যায় যুক্ত হয়েছে। শৈশবের আঁকাআঁকি, দীর্ঘদিনের চর্চা এবং বাংলাদেশ ও জাপানে বসবাসের অভিজ্ঞতা মিলেছে প্রদর্শনীর চিত্রকর্মগুলোতে।

শিল্পীর চিত্রভাষায় নারীমুখ অন্যতম প্রধান বিষয়। শাড়ির ভাঁজ, অলংকার, খোঁপার ফুল ও মুখের অভিব্যক্তিতে ফুটে উঠেছে বাংলার পরিচিত জীবনের ছাপ। এসব কাজে সৌন্দর্যের পাশাপাশি আত্মমর্যাদা, সংবেদনশীলতা ও মানসিক দৃঢ়তার অনুভব রয়েছে। ‘দ্য বেদে গার্ল’, ‘মাধবী’, ‘মৃণালিনী’ ও ‘বিয়ন্ড দ্য ব্লু’ শিরোনামের চিত্রকর্মে নারীমুখকে ঘিরে তাঁর অনুসন্ধানের বিভিন্ন দিক উঠে এসেছে।

‘দ্য শাড়ি অব স্টোরিজ’ চিত্রকর্মে নারী, ময়ূর, পাখি ও ফুলের বিন্যাসে শাড়িকে স্মৃতি ও গল্পের বাহন হিসেবে উপস্থাপন করেছেন শিল্পী। তার চিত্রকর্মে লোকজ অলংকরণ ও রিকশাচিত্রের বর্ণময়তার অনুষঙ্গও রয়েছে।

শাপলার সঙ্গে শিল্পীর শৈশবের একটি স্মৃতি জড়িয়ে আছে। আট বছর বয়সে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাত্র তিনটি রঙিন পেনসিল নিয়ে শাপলা আঁকতে শুরু করেছিলেন তিনি। পরে অন্যদের কাছ থেকে পেনসিল ধার করে ছবিতে আরও রং যোগ করেন। সেই ছবির জন্য তৃতীয় পুরস্কার পান। প্রদর্শনীর ক্যাটালগে দেওয়া শিল্পী-বিবৃতিতে উঠে এসেছে এই অভিজ্ঞতা। শাপলা তাঁর কাছে প্রকৃতির উপাদানের পাশাপাশি শিল্পযাত্রার শুরুর স্মৃতিও বহন করে।

‘এক্সিউবারেন্স অব ওয়াটার লিলিজ’ ও ‘অ্যাওয়েটিং ব্লুম’ চিত্রকর্মে ফুল, কুঁড়ি ও রঙের বিন্যাসে জীবন ও সম্ভাবনার অনুভূতি প্রকাশ পেয়েছে। অন্যদিকে, ‘চাইল্ডহুড বিয়ন্ড দ্য কাইট স্ট্রিং’-এ পুরান ঢাকার ছাদ ও ঘুড়ির স্মৃতি এবং ‘দ্য ফ্ল্যাগ অব ইন্ডিপেনডেন্স’-এ লাল-সবুজের উপস্থিতি ব্যক্তিগত অভিজ্ঞতাকে সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করেছে।

অ্যাক্রিলিক, তেলরং ও মিশ্রমাধ্যমে তৈরি চিত্রকর্মগুলোতে কখনো দৃশ্যমান অবয়ব, কখনো বিমূর্ততার প্রকাশ ঘটিয়েছেন কামরুল হাসান লিপু। রঙের স্তর, মুক্তরেখা, আঁচড় ও টেক্সচারের ব্যবহারে বিষয় ও অনুভূতির ভিন্ন ভিন্ন রূপ ফুটে উঠেছে।

২০১২ সালে টোকিওর তোয়ো ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড ডিজাইন থেকে পেইন্টিংয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি। জাপানে শিল্পশিক্ষা ও দীর্ঘদিন বসবাসের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ, প্রকৃতি ও লোকজ সংস্কৃতিকে নতুনভাবে দেখার চেষ্টা তাঁর কাজে প্রতিফলিত হয়েছে।

এর আগে বিভিন্ন যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন কামরুল হাসান লিপু। এর মধ্যে রয়েছে ২০২৬ সালের চতুর্দশ ইয়োকোহামা পোর্ট ইন্ডিপেনডেন্ট প্রদর্শনী এবং একই বছরের ২৯তম সেয়া আর্ট এক্সিবিশন। সেয়া প্রদর্শনীতে তিনি আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশ নেন।

চিত্রচর্চার পাশাপাশি জাপানের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সাংস্কৃতিক কর্মী হিসেবেও পরিচিত তিনি। তাঁর প্রতিষ্ঠিত কাহাল আর্ট গ্রুপ বাংলাদেশ ও জাপানের যৌথ শিল্পসংগঠন। কাহাল গ্যালারির মাধ্যমে বিভিন্ন দেশের শিল্পীদের কাজ প্রদর্শন, বাংলাদেশের নকশিকাঁথা ও লোকশিল্প তুলে ধরা এবং বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

প্রদর্শনীর ক্যাটালগে বার্তা দিয়েছেন শিল্পী রফিকুন নবী, জামাল আহমেদ, অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ এবং জাপানি গ্রাফিক ডিজাইনার ও শিল্পসমালোচক ইকুফুমি ফুকুজাওয়া। তাঁদের মূল্যায়নে শিল্পীর নিয়মিত চর্চা, রং ও টেক্সচারের ব্যবহার, সাংস্কৃতিক স্মৃতি এবং শিল্পের নানা পরীক্ষা-নিরীক্ষার বিষয় উঠে এসেছে।

গ্যালারি শিমিজুতে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে। শেষ দিন ২৫ অক্টোবর, রবিবার, বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এটি।

/ইউএস/
সম্পর্কিত
ইরাক প্রবাসীদের জন্য সুখবর
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
সৌদি আরবে ভিক্ষা করলে কী শাস্তি, প্রবাসীদের জন্যও রয়েছে যে আইন
সর্বশেষ খবর
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান
বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট