অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে এ মানববন্ধন শুরু হয়। এ সময় ফোরামের সদস্যরা নিজেদের দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন; তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করেই এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। 

তাদের দাবি, গণভোটে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। তাই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আয়োজকরা জানান, বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন বসবে। মূলত সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এদিকে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।