পর্যাপ্ত সময় পাননি দাবি করে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা দুই মাস পিছিয়ে জুলাইয়ে নেওয়ার দাবি জানিয়েছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের একাংশ।
রবিবার (২৯ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
আন্দোলনকারী পিকু বড়ুয়া বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের জন্য অন্তত দুই মাস যেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। জুলাইয়ে যেন নেওয়া হয় ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা।
কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, যারা বোথ ক্যাডারে পরীক্ষা দেবেন তাদের মোট ১ হাজার ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়; যা শেষ করতে স্বাভাবিকভাবে কমপক্ষে ৬ থেকে ৯ মাসের সময় প্রয়োজন। আমাদের মাত্র দেওয়া হয়েছে ৫৮ দিন সময়। এই ৫৮ দিনের এক বড় অংশ কেটেছে আমাদের রমজান ও ঈদুল ফিতরে। রোজা রেখে এবং ঈদের ছুটির কারণে লাইব্রেরি ও আমাদের বিভিন্ন কোচিং সেন্টার বন্ধ ছিল। কোচিং সেন্টারের লাইব্রেরিগুলোও বন্ধ ছিল।
পাবলিক সার্ভিস কমিশনে ইতোমধ্যে স্মারকলিপি জমা দিয়েছেন এবং কোনও জবাব পাননি বলেও জানান আন্দোলনকারীরা।