দেশজুড়ে অভিযান

৮৭ হাজার লিটার জ্বালানি জব্দ, প্রায় ১০ লাখ টাকা জরিমানা 

দেশজুড়ে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় অবৈধভাবে মজুদকৃত ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি জব্দ করেছে জেলা প্রশাসন। একই সময় ৩৯১টি অভিযান পরিচালনা করে ১৯১ মামলায় ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, জব্দ করা জ্বালানির মধ্যে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬ হাজার ৪৪৪ লিটার এবং পেট্রোল ১৩ হাজার ৮৫৬ লিটার রয়েছে।

অভিযানে সাতক্ষীরায় একজনকে দুই মাস, চাঁদপুরে একজনকে এক বছর এবং গাজীপুরে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর উত্তরা বেড়িবাঁধ, গাবতলী ও আমিনবাজার এলাকায় পৃথক অভিযানে রাস্তার পাশে অবৈধভাবে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়া যায়। ধাউর এলাকায় একটি দোকান থেকে ১০০ লিটার ডিজেল ও ১০ লিটার অকটেন জব্দ করা হয়। পরে সেগুলো কাছের ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সারা দেশের প্রতিটি পেট্রোল পাম্পে তদারকি জোরদারে নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার। ঢাকা বিভাগে ৪৭৯ জনসহ বিভিন্ন বিভাগে মোট হাজারের বেশি কর্মকর্তা এ দায়িত্ব পালন করছেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতেও পৃথকভাবে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

সরকারি তথ্যমতে, বর্তমানে দেশে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন মজুদ রয়েছে। এতে জ্বালানি সংকট নেই বলেও আশ্বস্ত করেছে সরকার।