বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের স্থায়ী অফিস স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
বুধবার (১ এপ্রিল) তার দফতরে জাপান ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর ও ঐতিহাসিক। জাইকা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। জাপানে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে যে সমঝোতা স্মারক সই হয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। জাপান ফাউন্ডেশন বাংলাদেশে অফিস স্থাপন করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ কর্মীদের দক্ষতার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু ভাষা নয়, জাপানি সংস্কৃতি ও আচার-আচরণ সম্পর্কেও সম্যক জ্ঞান থাকা জরুরি। জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে কর্মীরা দ্রুত সে দেশের কর্মপদ্ধতির সঙ্গে অভ্যস্ত হতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, জাপানের সহযোগিতার ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাপান দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করা প্রয়োজন। এ জন্য সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত রাখা উচিত।
জাপান ফাউন্ডেশনের প্রতিনিধি কোইকে ওয়াকাও বাংলাদেশের আগ্রহের প্রশংসা করে বলেন, বাংলাদেশে অফিস খোলার বিষয়ে সরকারের এই বার্তা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।