রাজধানীর ফুটপাতে উচ্ছেদ অভিযান, ২৩ জনের সাজা

রাজধানীতে শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত করা বা উচ্ছেদ অভিযান। বুধবার (১ এপ্রিল) প্রথম দিনের অভিযানে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ সময় আইন অমান্যকারীদের এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, ট্রাফিক লালবাগ বিভাগ কোতয়ালী ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জনকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্রাফিক ওয়ারী বিভাগ যাত্রাবাড়ী জোনে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সরণি এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ৭ জন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক রমনা বিভাগ মগবাজার মোড় থেকে বাংলামটর সিগন্যাল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় তিন পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।

অপরদিকে, ট্রাফিক মিরপুর বিভাগ পল্লবী জোনে কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাষানটেক এলাকায় পরিচালিত অভিযানে ৬ জন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগ নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ জনকে গ্রেফতার করে।

এছাড়া ট্রাফিক তেজগাঁও বিভাগ ইন্দিরা রোড এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়।

ট্রাফিক গুলশান বিভাগ অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে প্রায় ৫০টি দোকানকে সতর্ক করেছে। এ সময় বিধি লঙ্ঘনের অপরাধে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ট্রাফিক উত্তরা বিভাগ অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার করায় দোকানদারদের মৌখিকভাবে সতর্ক করেছে।