রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য যেন থামছেই না। নিয়মিত অভিযান ও জেল-জরিমানা সত্ত্বেও চক্রটি আবার সক্রিয় হয়ে ওঠেছে। সাধারণ মানুষ দ্রুত সেবা পাওয়ার আশায় এই দালালদের কাছে গেলে প্রায়ই প্রতারিত হন।
বুধবার (৮ এপ্রিল) আগারগাঁও পাসপোর্ট অফিসে র্যাব-২ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের।
আটকদের মধ্যে ছয়জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের বলেন, “আটকদের মধ্যে তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সদস্যদের বিষয়ে নিবিড় তদন্ত চলছে।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাসপোর্ট অফিসের সামনে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে দ্রুত পাসপোর্ট দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। অনেক ক্ষেত্রে টাকা নেওয়া সত্ত্বেও পাসপোর্ট না দেওয়া বা জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে গ্রাহকদের হয়রানির অভিযোগে র্যাব এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।