জাতীয় সংসদে প্রবেশের সময় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ জানিয়ে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নোটিশে তিনি বলেছেন, এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের নোটিশ শাখায় নোটিশটি জমা দেন তিনি।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, নোটিশে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, গত ৩০ মার্চ সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়া হয়। এটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি ভীষণ হেয় প্রতিপন্ন হচ্ছেন। জাতীয় সংসদের অভ্যন্তরে গর্হিত কাজ হওয়ায় তার বিশেষ অধিকার ক্ষুন্ন হয়েছে বলে তিনি মনে করছেন।
‘জঙ্গি’ শব্দটিকে ‘ফ্যাসিস্ট ওয়ার্ড’ আখ্যা দিয়ে এই সংসদ সদস্য বলেন, ১৭ বছর ধরে এ ধরনের শব্দ ব্যবহার করে ‘ভালো মানুষকে, দাড়িওয়ালা–টুপিওয়ালা মানুষকে’ বিভিন্ন অপবাদ দিয়ে তারা হেয় প্রতিপন্ন করছে। তিনি সরকারি ও বিরোধী দলনির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছেন। স্পিকারের উদ্দেশে হানজালা বলেন, “আমি চাই, আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারেন। কারও সম্মান ভবিষ্যতে কেউ যেন ক্ষুণ্ণ করতে না পারে।”
স্পিকারের মাধ্যমে হানজালার বিশেষ অধিকারের বিষয়টি অধিকতর পরীক্ষা করা, তদন্ত এবং প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
এর আগে গত ২ এপ্রিলও সংসদে একই অভিযোগ তুলে তদন্ত দাবি করেছিলেন হানজালা। সেই সময় তিনি বলেছিলেন, স্পিকারের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে গিয়ে একজন সংসদ এলাকায় তাকে দেখে মন্তব্য করেছেন, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে।