রাজধানীর তেজগাঁও রেল স্টেশন এলাকায় মো. দিদার হোসেন (৩৬) নামের এক যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।
আহত যুবক একটি জুতা তৈরির কারখানার কারিগর। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে।
আহত যুবকের মামা মোবারক জানান, দিদারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলার নয়া বাড়ীয়ায়। বর্তমানে থাকেন পুরান ঢাকার বংশাল সিদ্দিক বাজার এলাকায় দিদার একটি জুতার কারখানায় কাজ করতেন। ঈদের পর গ্রামের বাড়ি গিয়েছিল। সেখান থেকে ঢাকায় ফিরছিল।
তেজগাঁও রেল স্টেশন এলাকায় রেল লাইন দিয়ে হেটে যাওয়ার সময়ে ৩ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে তার পিঠে ছুরিকাঘাত করে আহত করে, তার কাছে থাকা নগদ ১৯ হাজার ৬০০ টাকা নিয়ে যায়। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে রাত ১০ টা ২৫ মিনিটের দিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, এমন কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।