নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিদেশি জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচার হওয়া বিপুল পরিমাণ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১১ এপ্রিল) সকালে হাতিয়া থানাধীন নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজনের সই করা বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি তেলবাহী জাহাজ হতে শুল্ককর ফাঁকি দিয়ে আসা প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। পাচার কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটও এ সময় জব্দ করা হয়।
অভিযানের সময় তেলের অবৈধ মজুত ও পাচারের সাথে জড়িত থাকার দায়ে ৪ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।