রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ‘এলেক্স গ্রুপের’ মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, “রায়ের বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলেক্স ইমনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।”
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)। তারা সবাই ইমনের প্রতিপক্ষ গ্রুপের সদস্য। এসময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি, ১টি কাটার ও ১টি স্টিলের পাত উদ্ধার করা হয়।
জানা গেছে, এলেক্স ইমন রায়ের বাজার এলাকা চিহ্নিত কিশোর গ্যাং চক্রের মূলহোতা। সে এলেক্স গ্রুপের নেতৃত্ব দিতো। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়েরবাজার এলাকায় এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ইমনের মরদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে।