জুলাই-আগস্টে সংঘটিত বহুল আলোচিত হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় দুর্নীতি ও লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।
বুধবার (১৫ এপ্রিল) নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম, তদন্ত ও প্রসিকিউশন সংশ্লিষ্ট বিভিন্ন বিতর্ক এবং অভিযোগ খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটরের কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলার অগ্রগতি, তদন্ত পদ্ধতি এবং আইনি অবস্থান নিয়ে সাবেক চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের ভূমিকা ও বক্তব্য গুরুত্বপূর্ণ বিবেচিত হওয়ায় তাকে শুনানির আওতায় আনা হচ্ছে। কমিটি তার বক্তব্য, সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপট এবং মামলার বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবে।
এর আগে গত ১০ মার্চ পদত্যাগ করা সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠার পর এই ঘটনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের (২০২৪ সালের ৫ আগস্টের পর) পর থেকে এ পর্যন্ত সব বিষয় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। এই কমিটি নেতৃওত্ব রয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সেদিন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছিলেন, আমাকেসহ পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন দুই প্রসিকিউটর মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন এবং সিনিয়র গবেষণা কর্মকর্তা মো. সিফাত উল্লাহ রয়েছেন।