একনজরে আজকের আলোচিত খবর 

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে এই সংকলন। 

সংসদে সাউন্ড সিস্টেম বিপর্যয়, নেপথ্যে কী 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সাউন্ড সিস্টেম বিপর্যয় নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধিবেশন চলাকালে বারবার প্রযুক্তিগত ত্রুটিতে বাধাগ্রস্ত হচ্ছে কার্যক্রম, ব্যাহত হচ্ছে সংসদ সদস্যদের বক্তব্য।  

ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাবে যা জানালো মার্কিন সিনেট  

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে চতুর্থবারের মতো ব্যর্থ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান  

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে তার বড় ছেলে তারেক রহমানের কন্যা জাইমা রহমান অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। 

অর্ধলক্ষ টাকায় বিক্রি হলো পদ্মার এক কাতল 

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে জাফরগঞ্জের জেলে সুব্রত হালদারের জালে। 

টাইমের প্রভাবশালী ১০০ জনের তালিকায় রণবীর কাপুর

বলিউড অভিনেতা রণবীর কাপুর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন টাইম ম্যাগাজিনের ‘১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল ২০২৬’ তালিকায়। চলতি বছরের তালিকায় তিনি একমাত্র ভারতীয় চলচ্চিত্র অভিনেতা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। 

গ্রাম-শহরে ইন্টারনেট ব্যবহারে বড় বৈষম্য, উচ্চমূল্যই প্রধান বাধা: জরিপ

দেশে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারে গ্রাম ও শহরের মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য রয়ে গেছে। শহরে যেখানে ৭৫ দশমিক ৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে গ্রামাঞ্চলে এ হার মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশ; অর্থাৎ ব্যবধান ৩২ দশমিক ১ শতাংশ।